রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জন্য বড় সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণা করল West Bengal Government। পশ্চিমবঙ্গ সরকার ৫ ফেব্রুয়ারি ২০২৬-এর ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন বর্ধিত ভাতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো। সরকারের পক্ষ থেকে আজকের অন্তর্বর্তী বাজেট অধিবেশনে ঘোষণা করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হল ।
কত টাকা বাড়ল লক্ষ্মীর ভান্ডার ?
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে।নতুন হার অনুযায়ী, ফেব্রুয়ারি মাস থেকেই বাড়তি টাকা পাবেন উপভোক্তারা। সাধারণ বিভাগের মহিলারা মাসিক ১,০০০ টাকা করে ভাতা পেতেন, এখন থেকে পাবেন ১,৫০০ টাকা করে এবং তফসিলি জাতি/উপজাতিদের মহিলারা মাসিক ১,২০০ টাকা করে ভাতা পেতেন, এখন থেকে পাবেন ১,৭০০ টাকা করে ।
কেন বাড়ানো হল ভাতা ?
রাজ্য সরকারের দাবি, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে মহিলাদের আর্থিক নিরাপত্তা জোরদার করতেই এই সিদ্ধান্ত। অন্তর্বর্তী বাজেটে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডার ইতিমধ্যেই রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প, যার মাধ্যমে কোটি কোটি মহিলা সরাসরি উপকৃত হচ্ছেন।
কারা পাবেন এই সুবিধা ?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রাপ্তবয়স্ক মহিলারাই এই সুবিধা পাবেন। আবেদনকারীকে রাজ্য সরকারের নির্ধারিত আয় ও সামাজিক শ্রেণি সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। সাধারণ (UR) শ্রেণির মহিলারা এবং তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) শ্রেণিভুক্ত মহিলারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত। যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই - ফেব্রুয়ারি মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত ভাতা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
বিশেষজ্ঞদের মতে, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী Mamata Banerjee আগেও একাধিকবার জানিয়েছেন, যে নারী ক্ষমতায়ন তাঁর সরকারের কাছে একটি অগ্রাধিকার।
